প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী বক্তব্য থামাতে ভারতের প্রতি আহ্বান জিএম সিরাজের

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী বক্তব্য বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ।
সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
স্পিকারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দৃষ্টি আকর্ষণ করে জিএম সিরাজ বলেন, শুভেন্দু অধিকারী মাঝেমধ্যে বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় হয়ে উঠছে বলে দাবি করেন তিনি।
শেখ হাসিনা প্রসঙ্গে জিএম সিরাজ বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তিনি আর প্রাসঙ্গিক নন। তাই তাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।
সমুদ্রসীমা ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৪ সালে সমুদ্রসীমা অর্জনের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হলেও সেখানকার সম্পদ উত্তোলন করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার অফশোর বিডিংয়ে বড় পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।
জিএম সিরাজ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। প্রতিবেশী হিসেবে দুই দেশ একে অপরকে অস্বীকার করতে পারে না।
তিনি বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদ হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশের সম্পর্কের বিচ্ছেদ হয় না। ভারত ও বাংলাদেশকে পাশাপাশি থেকেই পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদীর ‘আমরা একই আকাশ, একই বাতাসের নিচে’ বক্তব্যের প্রসঙ্গও তোলেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, শুধু বক্তব্য নয়, দুই দেশের জনগণের হৃদয় জয় করার উদ্যোগ নিতে হবে।
ভারত বা বাংলাদেশবিরোধী অবস্থান পরিহার করে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জিএম সিরাজ বলেন, দুই দেশের মানুষের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
একই সঙ্গে ভারত থেকে বাংলাদেশে কথিত ‘পুশ ইন’ বন্ধের আহ্বান জানান তিনি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক তৈরির কারখানা বন্ধে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান জিএম সিরাজ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭