প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত দল বলা কারিগরি দিক থেকে পুরোপুরি সঠিক নয়। দলটি নিষিদ্ধ হবে কি না, তা আদালত তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্ধারিত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, সেটিও বিচার শেষে নির্ধারিত হবে। তবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দলটি মাঠে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কার্যকর কিছু করার নেই। তারা প্রতীকী কারণে মাঠে থেকে বিভিন্ন বক্তব্য দিতে পারে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নৈতিক সাহস প্রয়োজন। আওয়ামী লীগের সেই নৈতিক সাহস আছে বলে তিনি মনে করেন না।
তিনি আরও বলেন, জনগণ অতীতের ঘটনাগুলো ভুলে না যাওয়া পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে জোরালোভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়া কঠিন হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭