প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
মেসির প্রথম গোলের আগে ফাউল হয়েছিল, দাবি অস্ট্রিয়া কোচের

লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও অস্ট্রিয়ার বিপক্ষে তার রেকর্ড গড়া প্রথম গোলটি নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ রালফ রাংনিক। তার দাবি, গোলের আগে মাঝমাঠে জাভের শ্লাগারকে ফাউল করা হয়েছিল এবং ঘটনাটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে পরীক্ষা করা উচিত ছিল।
‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারে অস্ট্রিয়া। আর্জেন্টিনার দুটি গোলই করেন অধিনায়ক মেসি।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। ভিএআরের পরামর্শে মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে মেসির নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় আর্জেন্টিনা।
এরপর ৩৮তম মিনিটে জালের দেখা পান মেসি। আর্জেন্টিনার আক্রমণ শুরুর আগে বল দখলের লড়াইয়ে অস্ট্রিয়ার মিডফিল্ডার জাভের শ্লাগার পড়ে যান। অস্ট্রিয়ার খেলোয়াড়েরা ফাউলের আবেদন জানালেও রেফারি খেলা চালিয়ে যান। ভিএআরও ঘটনাটিতে হস্তক্ষেপ করেনি।
ম্যাচ শেষে ওই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাংনিক। তিনি বলেন, “দ্বিতীয় গোলটিতে আমাদেরও দায় ছিল, সেটি আমাদের নিজেদের ভুল। তবে প্রথম গোলের আগে ঘটনাটি রেফারির দেখা উচিত ছিল। রিপ্লে দেখলে তিনি বুঝতে পারতেন, শ্লাগারকে ফাউল করা হয়েছিল। বিষয়টি বিরক্তিকর।”
তবে ম্যাচের ফল নিয়ে হতাশ হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অস্ট্রিয়া কোচ। তিনি বলেন, “সার্বিকভাবে আমি আমার দলকে নিয়ে সন্তুষ্ট। তারা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি।”
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। সমান পয়েন্ট থাকলেও তৃতীয় স্থানে রয়েছে আলজেরিয়া।
আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭