প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
প্রতিবেশী দেশের পানিবৈষম্যে শুকিয়ে যাচ্ছে নদী: ত্রাণমন্ত্রী

প্রতিবেশী একটি দেশের পানিবৈষম্যের কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাসাদহ খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাও উপস্থিত ছিলেন। দুই মন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, “পার্শ্ববর্তী একটি দেশের পানিবৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এ কারণে সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।”
তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে অনেক নদী খালে পরিণত হয়েছে। এসব নদী ও খাল পুনর্খননে সরকারের মহাপরিকল্পনা রয়েছে।
আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, আগামী শুষ্ক মৌসুমে অসম্পূর্ণ কাজ শেষ করা হবে।
খাল খননে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি এক দিনে দূর করা সম্ভব নয়। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
পরে দুই মন্ত্রী দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭