প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
ইউরোপজুড়ে ভয়াবহ তাপদাহ, ভাঙছে তাপমাত্রার রেকর্ড

ইউরোপজুড়ে ভয়াবহ তাপদাহে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। কয়েকটি দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমে স্কুল বন্ধ, যাতায়াতে বিধিনিষেধ এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
বুধবার (২৪ জুন) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রোম ও মিলানসহ ১৬টি শহরে লাল সতর্কতা জারি করেছে। একই সময়ে যুক্তরাজ্যের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ অঞ্চলেও চরম গরমের সতর্কতা জারি করা হয়েছে।
তীব্র গরমের কারণে যুক্তরাজ্যের কিছু স্কুল বন্ধ রাখা হচ্ছে। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম আরও অসহনীয় হয়ে উঠছে।
এদিকে মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড হয়েছে। দেশটিতে গত কয়েক দিনে নজরদারিবিহীন জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ফ্রান্সের ৯০ শতাংশের বেশি মানুষ বর্তমানে তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেদারল্যান্ডসেও বুধবার থেকে অন্তত শুক্রবার পর্যন্ত চরম গরমের সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী আমস্টারডামের কয়েকটি উন্মুক্ত সুইমিংপুলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে কয়েকটি রুটে ট্রেন চলাচলও সীমিত করা হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। পোল্যান্ডে রেকর্ড তাপমাত্রার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। ক্রোয়েশিয়ার উপকূলীয় অঞ্চল ও হাঙ্গেরিতেও সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সের পরিবেশমন্ত্রী মনিক বারবু জানিয়েছেন, দেশটিতে তাপদাহ আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী সপ্তাহে সাময়িক স্বস্তি মিললেও পরে আবার চরম গরম ফিরে আসার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলের বিশেষ অবস্থা ও বায়ুপ্রবাহের কারণে গরম বাতাস দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
তীব্র গরমের কারণে লন্ডনে বায়ুদূষণের উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে। সৈন্য ও ঘোড়ার নিরাপত্তা বিবেচনায় লন্ডন ও উইন্ডসরে সেনাবাহিনীর কয়েকটি আনুষ্ঠানিক কার্যক্রম বাতিল করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭