প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
বানেশ্বরদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা খন্দকার আনারের

শেরপুরের নকলা উপজেলার ৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল নেতা খন্দকার আসাদুর রহমান আনার। আসন্ন নির্বাচনে তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনার এর আগে দুইবার ৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন শাখার আহ্বায়ক এবং নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিগত সরকারের সময়ে তিনি রাজনৈতিক হয়রানি ও ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে কারাভোগের শিকার হন।
নিজের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “৫ নং বানেশ্বর্দী ইউনিয়নে রাজনৈতিক দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে দলের কার্যক্রম চালিয়ে গেছি। ইউনিয়নের অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কারণে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আমি জানি। সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।”
দলীয় সমর্থন পেলে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বানেশ্বরদী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
তার প্রার্থিতার ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭