প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, চীনের উষ্ণ অভ্যর্থনা

চীনের দালিয়ান থেকে ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং রেলওয়ে স্টেশনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার।
স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী বেইজিং চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রধান সান মেইজুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় চীনের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের ‘দিয়াওইতাই’ রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থান করবেন।
এর আগে দুপুরে দালিয়ান রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মাহাদী আমিন, এ কে এম শামসুল ইসলাম ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ সফরসঙ্গীরা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে গত সোমবার রাতে দালিয়ান পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন।
বৃহস্পতিবার সকাল থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
পরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ সম্মেলনে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরাও অংশ নেন। এতে ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীসহ এক হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি যোগ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭