প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
রেকর্ড দাবদাহে স্পেনে চার দিনে ২১২ জনের মৃত্যু

ইউরোপের বড় অংশজুড়ে চলমান রেকর্ড ভাঙা দাবদাহে স্পেনে চার দিনে ২১২ জনের মৃত্যু হয়েছে। গত রোববার থেকে বুধবারের মধ্যে এসব প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা মোমো।
তীব্র গরমের সময় দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করে অতীতের স্বাভাবিক মৃত্যুহারের সঙ্গে তুলনা করে মোমো। মৃত্যুহার হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাব্য কারণ নির্ধারণে সংস্থাটি স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের তথ্যসহ বিভিন্ন বাহ্যিক বিষয়ও বিশ্লেষণ করে।
মোমোর তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে থাকা স্পেনে এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে রেকর্ড গরম পড়েছিল। ওই বছরের জুনের একই চার দিনে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ৯৮ জনের মৃত্যু হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনে গরমজনিত কারণে তিন হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছিল। এ সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।
চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে ১৯৫০ সালের পর জুন মাসের সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
এ দুই দিনে জুন মাসের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে। সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ১৪ ডিগ্রি এবং মঙ্গলবার ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস।
বিশেষজ্ঞদের মতে, রাতের তাপমাত্রা অতিরিক্ত বেশি থাকলে মানুষের ঘুম ও শারীরিক পুনরুদ্ধার ব্যাহত হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
তীব্র দাবদাহের কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ উত্তর স্পেনের কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত তুলনামূলক শীতল এসব অঞ্চলেও এবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
উত্তরাঞ্চলের কিছু এলাকায় অপেক্ষাকৃত কম মাত্রার হলুদ সতর্কতা বহাল রাখা হয়। তবে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ আবহাওয়া সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
সূত্র: এএফপি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭