প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
বাজেটের মডেল পরিবর্তনের চেষ্টা করছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে সরকার বাজেটের মডেল পরিবর্তনের চেষ্টা করছে। পুরনো বাজেট কাঠামো থেকে বেরিয়ে নতুন মডেলভিত্তিক দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেট অ্যান্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার প্রথমেই অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছে। কারণ বাংলাদেশের অর্থনীতি দুর্ভাগ্যজনকভাবে অনেকটা পৃষ্ঠপোষকতানির্ভর হয়ে পড়েছে।
তিনি বলেন, অর্থনীতির গণতন্ত্রায়নের অর্থ হলো দেশের প্রত্যেক মানুষ যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। এই লক্ষ্য মাথায় রেখে এতদিন যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল, তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।
আমির খসরু বলেন, কামার-কুমার, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত মানুষ, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের কর্মী এবং হতদরিদ্র জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে সরকার কিছু কর্মসূচি গ্রহণ করেছে।
সেমিনারটি সঞ্চালনা করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭