প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
হামে ৩০০ শিশু মারা গেলেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবেননি: মাসুদ

স্বাস্থ্য খাতের সমালোচনা করে বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, একটি মানবিক হাসপাতালের লাইসেন্স ছয় শিশুর মৃত্যুর অজুহাতে বাতিল করা হয়েছে। অথচ দেশে হামে ৩০০ শিশু মারা গেলেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবেননি।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ড. মাসুদ বলেন, ওই হাসপাতালে ৭০০ বেডের মধ্যে ১৮০টি বিনামূল্যে দেওয়া হয়। প্রতিদিন ২৩টি নরমাল ডেলিভারি হয় এবং রোগী ও স্বজনদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। এমন একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করায় ২৪৭ জন বিদেশি শিক্ষার্থী এখন অনিশ্চয়তায় পড়েছে।
তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থীরা স্বাস্থ্যমন্ত্রী বা সচিবের দেখা পাচ্ছেন না। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বলেন, বাজেটের সফলতা শুধু সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে না; সাধারণ মানুষের মুখে হাসি ফুটলেই বাজেটের প্রকৃত সফলতা বোঝা যায়।
তিনি আরও বলেন, সংসদে বাজেট আলোচনা শুনলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু বাস্তবে বাজারে গেলে মানুষ এর সুফল পায় না।
ড. মাসুদ বলেন, বাজেটের আগে তিনি এলাকায় ‘নাগরিক ভাবনা’ নামে মতবিনিময় করেছেন। সেখানে স্থানীয় মানুষ ও সাংবাদিকরা বলেছেন, সংসদের বক্তব্যে বাস্তব সমস্যাগুলো উঠে আসে না।
তিনি অভিযোগ করেন, বাজেটের নীতি নির্ধারণে সাধারণ মানুষ তো দূরের কথা, সংসদ সদস্যদেরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না।
বাজেট উপস্থাপনা পদ্ধতি নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, উন্নত বিশ্বে বাজেট উপস্থাপনে ইনফোগ্রাফিক, ভিজ্যুয়াল ড্যাশবোর্ড ও সহজ টেবিল ব্যবহার করা হয়। কিন্তু দেশে সেই ধরনের ব্যবস্থাপনা নেই।
মেগা প্রকল্পের ব্যয় নিয়ে ড. মাসুদ বলেন, ১৫ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৪৫ হাজার কোটি টাকায় শেষ হয়েছে। তার অভিযোগ, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।
দক্ষিণাঞ্চলের সড়ক অবকাঠামো নিয়ে তিনি বলেন, ভাঙ্গা পর্যন্ত রাস্তা সিঙ্গাপুরের মতো মনে হলেও এরপর পটুয়াখালী-কুয়াকাটা পর্যন্ত রাস্তা অজপাড়াগাঁয়ের মতো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭