প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
সীমান্ত হত্যায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি নাসীরুদ্দীনের

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।
এ সময় এনসিপির নেতারা নিহতের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং সীমান্ত হত্যার প্রতিবাদে বক্তব্য দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয়, তারা বাংলাদেশের নাগরিক।”
বাংলাদেশি হওয়ার কারণেই ভারত তাদের হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, শুধু বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত অঞ্চলে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে।
সীমান্তবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিক অস্ত্র, টহলযান, প্রয়োজনীয় অবকাঠামো এবং উন্নত বেতন-ভাতা দিয়ে আরও শক্তিশালী করার দাবিও জানান নাসীরুদ্দীন। এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে অন্যায় ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ভবিষ্যতের বাংলাদেশে হতে দেওয়া হবে না।
সীমান্তবাসীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকার প্রতিটি নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপির উদ্দেশে সারজিস বলেন, দলটি দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে দৃঢ় অবস্থান নিলে এবং ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কথা বললে এনসিপিসহ দেশের ছাত্র-জনতা তাদের পাশে থাকবে।
গত ১২ জুন ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলিতে কুলাউড়া উপজেলার দত্তগ্রামের বাসিন্দা মো. মুজিব আলী নিহত হন বলে বিজিবি জানিয়েছে। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭