প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2026 ইং
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপির

ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ আর্থিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য প্রস্তাবটি তুলে ধরেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যাংক খাতের ওপর আস্থা কমে যাওয়ায় অনেক মানুষ ব্যাংকে টাকা না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। একই সঙ্গে অতীতে অর্থ পাচারের চেষ্টা করা ব্যক্তি এবং সাবেক শাসনের সঙ্গে যুক্ত অনেকের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে দাবি করেন তিনি।
এই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় আনতে সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিতে পারে বলে প্রস্তাব করেন তিনি।
তার প্রস্তাব অনুযায়ী, যাদের কর নথিতে ওই অর্থের হিসাব নেই, তারা ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করার সুযোগ পাবেন। এতে বাজেট ঘাটতি কমানো, ব্যাংকের তারল্য বাড়ানো এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে অর্থ ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে মত দেন তিনি।
দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি বলেও মন্তব্য করেন বিএনপির এই সংসদ সদস্য। ব্যাংকের সংখ্যা কমিয়ে জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মাহবুব উদ্দিন বলেন, “এত ব্যাংকের দরকার নেই। এমপি হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি—এই সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের অর্থ দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ না করে আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
অর্থ পাচারকে দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় চলে যাওয়া অর্থ ফেরত আনা অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
দেশে বিনিয়োগবান্ধব ও নিরাপদ আর্থিক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়ে মাহবুব উদ্দিন বলেন, মানুষ যেখানে অর্থের নিরাপত্তা অনুভব করে, সেখানেই টাকা রাখে। শুধু আইন করলেই হবে না, পুরো আর্থিক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হবে।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। যুবকদের কর্মসংস্থান নিশ্চিত না করে আইনশৃঙ্খলার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মত দেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, ঘাটতির বাজেট অস্বাভাবিক নয়। বিশ্বের অনেক দেশেই ঘাটতির বাজেট হয় এবং বাংলাদেশেও অতীতের অধিকাংশ বাজেট ছিল ঘাটতিনির্ভর।
বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে অল্প সময়ের ব্যবধানে বাজেট প্রণয়ন করেছে উল্লেখ করে মাহবুব উদ্দিন বলেন, লুটপাটনির্ভর অর্থনীতি থেকে দেশকে পুনরুদ্ধারের প্রচেষ্টার মধ্যেই এই বাজেট এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭