প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2026 ইং
তুরাগে ‘সাত ভাসমান লাশের’ তথ্য অপপ্রচার: ঢাকা জেলা পুলিশ

ঢাকার তুরাগ নদে কথিত ‘সাতটি ভাসমান লাশ’ পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার হিসেবে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে সতর্ক থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন এ কথা বলেন।
তিনি জানান, গত ২৬ জুন রাত সোয়া ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় গরুহাটা ঘাটসংলগ্ন এলাকা থেকে সুমন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে। সুমন তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২২ জুন দুপুরে ২০ থেকে ২২ জন বন্ধুর সঙ্গে নৌভ্রমণে বের হন সুমন। বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে তিনি নদীতে পড়ে যান। সাঁতার না জানায় স্রোতে তলিয়ে যান তিনি।
এ ছাড়া মিরপুরের মোল্লাপাড়া-মনিপুর এলাকার বাসিন্দা রনি (৩৫) গত ২৪ জুন রয়েল সিটি খেয়াঘাটে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হন। প্রায় ৩০ মিনিট পর তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার দাবি করেন, এসব বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বাংলাদেশ পুলিশ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে।
তিনি বলেন, “গত তিন মাসে ঢাকা জেলায় ১৭০টি অপমৃত্যুর মামলা হয়েছে। এর অধিকাংশই অজ্ঞাতপরিচয় মরদেহসংক্রান্ত ঘটনা।”
অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে জানিয়ে ঢাকা জেলা পুলিশ জনসাধারণকে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার অনুরোধ জানিয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭