প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলে ইরানি সাইবার হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে দাবি করেছেন দেশটির এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা।
সোমবার (২৯ জুন) জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি।
তিনি জানান, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে প্রায় ১ হাজার ৬০০টি শত্রুভাবাপন্ন সাইবার হামলা নথিবদ্ধ করা হয়েছিল। ২০২৬ সালের একই মাসে হামলার সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে ৪ হাজার ৮০০টিতে পৌঁছেছে।
ইয়োসি কারাদি বলেন, ‘কিছু হ্যাকিং গোষ্ঠী প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। আমরা তাদের মোকাবিলা করতে সক্ষম, তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নেই।’
তার ভাষ্য অনুযায়ী, সাইবার হামলাগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, সরকারি খাত এবং ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে আইনবিষয়ক পরামর্শক সংস্থা ও হিসাবরক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে। দুর্বল সাইবার নিরাপত্তাব্যবস্থার কারণে কয়েকটি ছোট বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির মূল ও সংবেদনশীল জাতীয় অবকাঠামো লক্ষ্য করে চালানো সব সাইবার হামলা এখন পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে তুলনামূলক দুর্বল নিরাপত্তাব্যবস্থা থাকা কিছু ছোট প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: রয়টার্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭