প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
বিরোধী এমপিদের আসনে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ

বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী আসনে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি দিয়েছেন।’
তবে সিটি করপোরেশনের আওতাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনের জন্য এ বরাদ্দ রাখা হয়নি বলে জানান তিনি। পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।
এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে ফ্লোর দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্যের সুযোগ দেওয়া হলে তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোতে পরবর্তী সময়ে বরাদ্দ দেওয়া হবে।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।’
স্পিকারের দায়িত্বে থাকায় নিজের নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো সংসদে তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব তুলে ধরেন। এ জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭