প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
কওমি ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাজেট বরাদ্দ চান শফিকুর রহমান

দেশের কওমি ধারার মাদরাসা শিক্ষার জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ইবতেদায়ি মাদরাসা এবং যোগ্য নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি জানান।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সংসদ বৈঠকের ওই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি অনুদান গ্রহণ করলে কওমি শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ন হতে পারে-এমন আশঙ্কা কওমি ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে। এ কারণে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে সরকারকে প্রয়োজনীয় নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, কওমি শিক্ষাব্যবস্থা তাদের সম্মিলিত সংস্থার পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে-এমন নিশ্চয়তা দেওয়া গেলে সমাধানের পথ তৈরি হতে পারে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
ইবতেদায়ি মাদরাসা ও এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের বছরের পর বছর অপেক্ষায় না রেখে রাজনৈতিক বিবেচনার বাইরে একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মান যাচাই করা উচিত। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, উন্নত দেশগুলোর মতো বিত্তবানদের জন্য বেসরকারি শিক্ষাব্যবস্থা থাকতে পারে। তবে সাধারণ মানুষের জন্য মানসম্মত সরকারি শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭