প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
এক অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়।
বুধবার (১ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগের ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। সে হিসাবে সর্বশেষ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার বা প্রায় ৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুন এসেছে ১২০ মিলিয়ন ডলার।
তবে মাসভিত্তিক হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় জুনে রেমিট্যান্স কিছুটা কমেছে। ২০২৫ সালের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের জুনে প্রবাসী আয় ১৭ মিলিয়ন ডলার কমেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭