প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: আসাদুল হাবিব দুলু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চল বন্যা, খরা ও নদীভাঙন থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এটি বাস্তবায়ন না হলে এ জনপদের মানুষের দুর্ভোগ কমবে না।
তিনি সম্প্রতি চীন সফরে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
আসাদুল হাবিব দুলু বলেন, তার সূচিত ‘জাগা বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের বার্তা উত্তরাঞ্চলের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, তিস্তা কেবল একটি নদী নয়; এটি কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি আন্তঃসীমান্ত নদী।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭