প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2026 ইং
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন, তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠান শেষে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকাহত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা ও শোকবার্তা পৌঁছে দেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।
এর আগে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
গত শুক্রবার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো তুলে ধরেন এবং সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকবে বলেও জানান তিনি।
এছাড়া, ইরানের স্পিকারের বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।
পরবর্তীতে তিনি ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইরানের পক্ষ থেকে ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয় এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়।
সফরকালে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেন এবং বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক ইস্যু ও প্রবাসী বাংলাদেশিদের সেবা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭