প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’।
রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ও স্টেডিয়াম মার্কেটের সাধারণ ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বহু ব্যবসায়ী ও দোকান কর্মচারী অংশ নেন।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে আবার গুলিস্তান জিরো পয়েন্টে এসে শেষ হয়।
চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী মহানগর দক্ষিণের নেতা শাহীন আহমেদ খান, আহসান হাবীব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম, মঞ্জুরুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজদের কারণে গুলিস্তানের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। গত শনিবার প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে হামলা চালানো হয় বলে তারা দাবি করেন। এতে ব্যবসায়ী কবির হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানানো হয়।
তারা আরও অভিযোগ করেন, হামলার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বক্তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয় বলে তারা মনে করেন।
সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, কোনো সন্ত্রাস বা চাঁদাবাজকে তারা দেখতে চান না। তিনি বলেন, কোনো দল যদি এ ধরনের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে তাদের পরিণতি হবে পূর্বের শাসনব্যবস্থার মতো।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭