প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল আসছে, আবারও একসঙ্গে র্যাঞ্চো-ফারহান-রাজু

বলিউড সুপারস্টার আমির খানের পরবর্তী প্রজেক্ট নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল নিয়ে কাজ শুরু হয়েছে। ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হলো, মূল ছবির তিন তারকা আমির খান, আর মাধবন এবং শরমন জোশী আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। নিশ্চিতভাবে তিন প্রধান চরিত্র সিক্যুয়েলে থাকছে। এর আগে গুঞ্জন উঠেছিল ভিকি কৌশলকে নিয়ে ‘ফোর ইডিয়টস’ নামের একটি নতুন চরিত্র যুক্ত হতে পারে, তবে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নতুন ছবির গল্পে সময়ের বড় ধরনের ব্যবধান থাকবে বলে জানা গেছে। ফলে চরিত্রগুলো আগের বয়সের ধারাবাহিকতায় না থেকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপিত হতে পারে। তবে এটি প্রিক্যুয়েল নাকি সিক্যুয়েল-সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি।
শোনা যাচ্ছে, মূল ছবির পরিচালক রাজকুমার হিরানিই এই সিক্যুয়েল পরিচালনা করবেন।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আরও অভিনয় করেছিলেন কারিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিং ও ওমি বৈদ্য। চেতন ভগতের উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে।
চীনসহ আন্তর্জাতিক বাজারেও ছবিটি ব্যাপক সাফল্য পায় এবং বলিউডের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭