প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
১৬ জুলাই ‘শহিদ দিবস’, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ৫ আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।
প্রতিমন্ত্রী জানান, ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এছাড়া শহীদ ও আহত পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি হত্যাকাণ্ডের পর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
তিনি আরও জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এদিন স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭