প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
পল্লবীর কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্তার: র্যাব

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
আজ সোমবার র্যাব-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও শাহা পরান (২৩)।
র্যাব জানায় , গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য। তাদের মধ্যে রজ্জব ও মেহেদী এই গ্রুপের নেতা আশিকের সহযোগী হিসেবে পরিচিত।
গ্রুপটির সদস্যরা সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে।
পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে। পল্লবী থানার একটি মামলায় আলফাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া সোহেলের বিরুদ্ধেও পল্লবী থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, এর আগে ৪ জুলাই ও ১৭ জুন পৃথক অভিযানে একই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল আমিন। এ নিয়ে এখন পর্যন্ত ‘ভইরা-দে গ্রুপের’ ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭