প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
ভারী বৃষ্টিতে থানচিতে আটকা শতাধিক পর্যটক

টানা ভারী বৃষ্টির কারণে বান্দরবানে পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে থানচির তিন্দু, রেমাক্রী, নাফাখুম ও আমিয়াখুমসহ কয়েকটি পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রস্তুত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসক বলেন, টানা কয়েক দিনের ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি ও স্রোত বেড়ে গেছে। এ কারণে থানচির তিন্দু, রেমাক্রী, নাফাখুম ও আমিয়াখুমসহ কয়েকটি পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। সাঙ্গু নদীর পানি ও স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকি নিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, নদীর পানি ও স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে নদীপথে যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে পাহাড়ধসের কারণে বান্দরবান-থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদে অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭