প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2026 ইং
আর্জেন্টিনা ম্যাচে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে মিসরের অভিযোগ

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। একই সঙ্গে ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত তদন্তের দাবিও জানিয়েছে তারা।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ ১৪ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফারাওরা। ম্যাচের পর থেকেই রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়ে আসছে মিসর শিবির।
মিসর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদার পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, ম্যাচে মিসরের একটি গোল বাতিল, সম্ভাব্য একটি পেনাল্টির আবেদন নাকচ এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এসব বিষয়ে ফিফার ব্যাখ্যা ও আনুষ্ঠানিক তদন্ত চেয়েছে ফেডারেশন।
ফেডারেশনের দাবি, বিতর্কিত সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এ কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে দায়িত্ব না দেওয়ার অনুরোধও জানিয়েছে তারা। মিসরের ভাষ্য, আর্জেন্টিনার জয়ে রেফারি ও তাঁর সহকারীদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে ম্যাচ শেষে মিসরের মিডফিল্ডার মোস্তফা জিকো রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া গোলটির স্কোরার ছিলেন তিনি। প্রধান কোচ হোসাম হাসানও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ম্যাচে তাঁদের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। তাঁর দাবি, বিশ্বকাপের বাণিজ্যিক গুরুত্বের কারণেই লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে টুর্নামেন্টে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
এদিকে মিসরের অভিযোগের বিষয়ে ফিফা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
শুধু এই ম্যাচ নয়, চলমান বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে একাধিক ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ম্যাচ পরিচালনার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭