প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ ও সংরক্ষণের লক্ষ্যে বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী তৈরি এবং তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড বা কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাঠানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, প্রশিক্ষণার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, মনিটরিং, সনদায়ন এবং বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে ডিমান্ড লেটার ও ভিসা সত্যায়নের কার্যক্রম সহজ করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে।
তিনি বলেন, ওইপি চালুর ফলে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বিভিন্ন পর্যায়ে দালালদের প্রভাব কমবে।
মন্ত্রী আরও জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫)’ প্রণয়ন করেছে।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭