প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশে ফেরার ইচ্ছা যদি সত্যিই থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’
শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহের বিষয়টি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি লেখেন, সরকার বলছে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্য হয়, তাহলে অপেক্ষার প্রয়োজন নেই।
আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশের জনগণ ও আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণহানির ঘটনা, তার শাসনামলের বিভিন্ন অভিযোগ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য আদালত ও ইতিহাস জানতে চাইবে বলে মন্তব্য করেন তিনি।
তার পোস্টে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার ব্যাখ্যার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি দীর্ঘ সময় ভোটাধিকার নিয়ে যে অভিযোগ রয়েছে, সে বিষয়েও জবাব দেওয়ার কথা বলেন।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়েছেন বলে তিনি দাবি করেন। তবে সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা-কর্মী।
তিনি বলেন, যদি দেশে ফেরার সিদ্ধান্ত সত্যিই থাকে, তাহলে আর দেরি না করে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়া উচিত। আর যদি বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭