প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
ভারী বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে নষ্ট হচ্ছে আমদানি পণ্য

টানা ভারী বর্ষণে যশোরের বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বন্দরের শেড ও গুদামে থাকা আমদানি-রপ্তানির কোটি কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দরের বিভিন্ন শেডে হাঁটুসমান পানি জমেছে। বিশেষ করে ৩ নম্বর গেটের সামনে পাঁচটি শেডে পানি ঢুকে বিভিন্ন ধরনের পণ্য ভিজে গেছে।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল বন্দরে শেড, ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো থাকলেও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন।
পানিবন্দি গুদাম ও শেড পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক কাজী রতন জানান, বৃষ্টির কারণে কয়েকটি শেডে পানি ঢুকে পণ্য ভিজে গেছে। পানি নিষ্কাশনের জন্য পাওয়ার পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে অবিরাম বৃষ্টির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭