প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের সঙ্গে আলোচনা চলবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের তীব্র সংঘাতের পরও উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
রয়টার্স জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চেয়েছে এবং তারা এতে সম্মতি জানিয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়েছে যে যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে।
তবে ট্রাম্পের এই বক্তব্যের বিরোধিতা করেছে ইরান। দেশটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুরোধ করেনি। বরং কাতারের একজন মধ্যস্থতাকারীকে আতিথ্য দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।
পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য কাতারের মধ্যস্থতাকারীরা শুক্রবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এদিকে ট্রাম্প এক পৃথক পোস্টে দাবি করেন, তার বিরুদ্ধে হত্যাচেষ্টার কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানের লক্ষ্যবস্তুতে হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার ওমানে পৌঁছেছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান প্রকাশ্যে ঘোষণা দিক যে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করা হবে এবং কোনো বাধা ছাড়াই নৌপথটি উন্মুক্ত রাখা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭