প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি, বললেন ‘ভিএআরের যুগে সুবিধা নেওয়া অসম্ভব’

আর্জেন্টিনা ও কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে ‘ফেভারিটিজম’ বা রেফারিদের কাছ থেকে অন্যায্য সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে আলোচনা নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক ছাড়িয়ে এবার বিষয়টি উঠে এসেছে অফিসিয়াল সংবাদ সম্মেলনেও।
বারবার এমন প্রশ্নের মুখে এবার কঠোর জবাব দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তিনি দাবি করেছেন, আধুনিক প্রযুক্তির যুগে রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই এবং এসব অভিযোগ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের তৈরি।
চলমান বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের বিপক্ষে ম্যাচে মিসরের একটি গোল বাতিলের প্রসঙ্গ উঠলে পক্ষপাতিত্বের অভিযোগ সরাসরি নাকচ করেন স্কালোনি।
তিনি বলেন, ভিএআর প্রযুক্তি চালুর পর রেফারিদের কাছ থেকে সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বৈত ব্যাখ্যার সুযোগও নেই।
স্কালোনি বলেন, লিসান্দ্রো মার্টিনেজের পায়ে ফাউল করা হয়েছিল। সেটি কম বা বেশি যাই হোক, এটি স্পষ্ট ফাউল এবং এর অন্য কোনো ব্যাখ্যা নেই।
তিনি আরও বলেন, ফুটবলে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি এখন আর সম্ভব নয়। বিশেষ করে ২০২৬ সালের মতো প্রযুক্তিনির্ভর সময়ে নিয়ম ও সিদ্ধান্তগুলো মাঠেই পরিষ্কারভাবে নির্ধারিত থাকে।
আর্জেন্টিনা কোচের মতে, কিছু মানুষ আর্জেন্টিনাকে জিততে দেখতে চায় না বলেই এমন অভিযোগ ও আলোচনা তৈরি করে। তবে এসব সমালোচনাকে নেতিবাচকভাবে না দেখে দলকে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন তিনি।
স্কালোনি বলেন, ১৯৮৬ সালেও আর্জেন্টিনার বিরুদ্ধে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। তার মতে, আর্জেন্টিনা সবসময় বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবে পরিচিত এবং এসব সমালোচনা দলকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেয়।
এদিকে বিশ্বকাপের সূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, টুর্নামেন্টের শেষ দিকে ম্যাচগুলোর মাঝে আরও বেশি বিশ্রামের সময় থাকা উচিত ছিল।
তিনি জানান, এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতের দূরত্ব অনেক এবং খেলোয়াড়দের বিশ্রামের সময় কমে যাচ্ছে। তবে আর্জেন্টিনাকে বেশি ভ্রমণ করতে হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭