প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: ইব্রাহিম রেজাই

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমেই দেশটি তা ধরে রাখবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই লিখেছেন, “আমরা শক্তি দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছি এবং শক্তি দিয়েই তা সংরক্ষণ করব।”
ইব্রাহিম রেজাইয়ের এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
তবে নিজের পোস্টে রেজাই কোন নির্দিষ্ট প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন বা এর সঙ্গে নতুন কোনো সামরিক কিংবা রাজনৈতিক পদক্ষেপের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭