প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
বিয়ের পর গৌরিকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমির খান, সঙ্গে দুই সন্তান

সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা আমির খান ও গৌরি স্প্র্যাট। বিয়ের এক সপ্তাহ না পেরোতেই স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির খান ও গৌরি স্প্র্যাট। তাদের সঙ্গে রয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরির প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।
জানা গেছে, মেলবোর্নে অনুষ্ঠিত একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিন অবকাশযাপন করবেন তিনি।
তবে এ সফরকে শুধু মধুচন্দ্রিমা হিসেবে দেখছেন না আমির। নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানো এবং আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।
এদিকে বিয়ের পর নতুন বাসভবনে ওঠার প্রস্তুতিও নিচ্ছেন আমির খান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের পালি হিলের বর্তমান বাসভবন ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি।
নতুন আবাসনে আমির ও গৌরির পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরি স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭