প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বর্তমানে এই ঋণের নীতিমালা নির্ধারণে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সফররত আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজন বিবেচনায় সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, আইএমএফ সেটিকে সম্মান করে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের পুঁজিবাজার, কর-জিডিপি অনুপাতসহ অর্থনীতির কয়েকটি সূচকে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
অর্থমন্ত্রী আরও জানান, আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। তিনি ওই সভায় অংশ নেবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭