প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
ওয়াসার পাইপে লিকেজ, ধোলাইখালে সড়কে ধস

রাজধানীর ধোলাইখাল এলাকায় ওয়াসার একটি পানির পাইপে লিকেজ হয়ে মাটি সরে যাওয়ায় সড়কের একাংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেলে ভারী বৃষ্টির সময় সড়ক বিভাজকের পাশের রাস্তার একটি অংশ হঠাৎ দেবে যায়। এতে সেখানে বড় একটি গর্ত তৈরি হয়। পরে গর্তটির আশপাশের অংশও ধসে পড়ে।
দুর্ঘটনা এড়াতে পুলিশ স্থানটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, রোববার বিকেল ৩টার দিকে সড়কের ওই অংশ হঠাৎ দেবে গিয়ে বড় একটি গর্ত তৈরি হয়।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতকাজ শুরু করেন।
ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী মো. তারেক হোসেন জানান, রাস্তার নিচে থাকা ওয়াসার প্রায় ২০ থেকে ৩০ বছরের পুরোনো একটি পানির পাইপে লিকেজ সৃষ্টি হয়েছিল। পাইপ থেকে পানি বের হয়ে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় রাস্তার অংশটি ধসে পড়ে।
তিনি বলেন, মেরামতকাজ শুরু হয়েছে। সড়কটি পুরোপুরি স্বাভাবিক করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে।
মেরামতের সময় সড়কটি পুরোপুরি বন্ধ থাকবে না বলে জানিয়েছেন ওই প্রকৌশলী। এক পাশে কাজ চলবে এবং অন্য পাশ যান চলাচলের জন্য খোলা রাখা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭