প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জ্বালানি ডিপো, প্রতিরক্ষা রাডার ও নিয়ন্ত্রণকেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এক বিশেষ সামরিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ঘাঁটির প্রধান জ্বালানি ডিপোগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ঘাঁটির একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার এবং নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এ ছাড়া মার্কিন বাহিনীর একটি সি-র্যাম বা কাউন্টার রকেট, আর্টিলারি অ্যান্ড মর্টার প্রতিরক্ষা ব্যবস্থার আগাম সতর্কীকরণ রাডারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানি সামরিক কমান্ডারদের বরাতে বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নৌবাহিনীর চালকবিহীন ও দূরনিয়ন্ত্রিত যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং পরিচালনায় ব্যবহৃত বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রটিও হামলায় ধ্বংস হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭