প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
ঢাবিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠান চলাকালে কাছাকাছি অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সায়েন্সল্যাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় পাশের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান চলছিল। প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। আশপাশে ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান করছিলেন।
একপর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই একই দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ও বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক-মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার-মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে-ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭