প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
চট্টগ্রামে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি বিরোধীদলীয় নেতার

চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন।”
তিনি আরও বলেন, “জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণকে এখন নিজেদের আত্মরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তার অভিযোগ, সরকার কার্যকর নিরাপত্তা দিতে পারছে না এবং একের পর এক নতুন ধরনের ঘটনা ঘটছে।
হামলাকারীদের পেছনে কারও প্রভাব বা মদদ রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন ডা. শফিকুর রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭