প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর,এলাকা ছাড়ার হুমকি বিএনপি নেতার

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও কান কামড়ে আহত করার অভিযোগ উঠেছে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে।
সোমবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, সাখাওয়াত হোসেনের কানে গুরুতর ক্ষত হয়েছে। সেখানে চারটি সেলাই দেওয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে ‘টিকে গ্রুপের’ নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর তীরে ড্রেজার মেশিন স্থাপন করেছিলেন।
তার অভিযোগ, সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে তুলে নিয়ে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে যান।
সাখাওয়াতের দাবি, সেখানে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিন চিশতিয়াসহ ছয় থেকে সাতজন কিল, ঘুষি ও চড়-থাপ্পড় দেন। একপর্যায়ে তার কানে কামড় দিয়ে রক্তাক্ত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে না গেলে ক্ষতি করা হবে বলে তাকে হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মহিউদ্দিন চিশতিয়া। তিনি বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।”
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল-মামুন বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭