প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2026 ইং
দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নেন সিজেপির নেতাকর্মীরা। মিছিল শুরুর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এর আগে রোববার পদযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল্লি পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানায়, আগাম অনুমতি ছাড়া নির্ধারিত যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও প্রতিবাদ, মিছিল বা সমাবেশ করা যাবে না। আইন মেনে চলা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানানো হয়।
তবে বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রী প্রবেশ ও ট্রেন চলাচল স্থগিত রাখার কথা জানানো হয়।
ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে সিজেপি গঠন করেন। অল্প সময়ের মধ্যেই দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও নাগরিক সমাজের সমর্থন পায়।
এর আগে শনিবার অনশনরত ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবারের কর্মসূচিতে উত্তেজনা আরও বেড়ে যায়।
গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন করছে সিজেপি। দলটির অভিযোগ, মেডিকেলে ভর্তি পরীক্ষাসহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়ম হয়েছে। এসব ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেছে তারা।
সূত্র: এনডিটিভি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭