প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে আছি, একসঙ্গে ছিলাম। ইনশা আল্লাহ, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে ভুল-বোঝাবুঝি আছে বলে আমি মনে করি না। ৩১ দফার মাধ্যমে আমরা একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য এক।’
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।
দেশের মানুষের আস্থা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে আমরা একসঙ্গে কাজ করব। কারণ, জনগণ প্রত্যাশা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে।’
অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন রাজপথে আন্দোলন-সংগ্রাম করছিলাম, তখন অনেককে খুঁজেও পাইনি। যাদের ক্ষেত্রে “গুপ্ত” শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষ চিনতে পারে, তাদেরও তখন রাজপথে দেখা যায়নি।’
৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক দল একসঙ্গে বসে বাংলাদেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছিল। আমি মনে করি, নির্বাচনে জনগণ ৩১ দফার পক্ষে রায় দিয়েছে। এখন এটি শুধু রাজনৈতিক দলগুলোর নয়, দেশের জনগণের ৩১ দফায় পরিণত হয়েছে।’
বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত সরকারের রেখে যাওয়া অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ এবং স্বাস্থ্য খাতের পরিস্থিতির কথা তুলে ধরেন। এসব সংকট মোকাবিলায় শরিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭