প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
বন্যার্তদের সহায়তায় চীনের এক লাখ ডলার অনুদান

বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন।
বুধবার (২২ জুলাই) ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়।
চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে অনুদানের চেক তুলে দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, এ অনুদান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি চীনের সরকার ও জনগণের গভীর উদ্বেগ ও আন্তরিক সদিচ্ছার বহিঃপ্রকাশ।
ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের মানুষ যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন, চীন যত দ্রুত সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭