প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে হালনাগাদ সূচকটি প্রকাশ করেছে।
সূচকে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। অন্যদিকে তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় কতটি গন্তব্যে যেতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।
গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা এমন সুবিধায় ৩৭টি গন্তব্যে যেতে পারতেন। সে সময় সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এবার ভ্রমণযোগ্য গন্তব্যের সংখ্যা কমলেও র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৯৭তম হয়েছে বাংলাদেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭