প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে

দেশের অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতের উন্নয়নে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প।
এ ছাড়া দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন, বেগমগঞ্জ ও সুনেত্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে জানানো হয়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ, দুর্যোগ মোকাবিলা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭