প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা।
তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং পুলিশ সুপার (টিডিএস) আব্দুর রহিম শাহ চৌধুরী।
এ ছাড়া সিআইডির ডিআইজি সানা শামীমুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিনকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭