প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
ঝিনাইদহ সীমান্তে ছয়জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুর সীমান্তের সামান্তা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের আওতাধীন সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা মহেশপুর উপজেলার সামান্তা বিওপির ৫৫ নম্বর মেইন পিলারের পাশের একটি গেট দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন।
তবে তারা বাংলাদেশে প্রবেশের আগেই সামান্তা বিওপির টহল দল বিষয়টি বুঝতে পারে এবং তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়।
বিজিবি জানিয়েছে, ওই ছয়জন বর্তমানে শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) কমান্ডিং অফিসার মো. রফিকুল আলম বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭