প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম

ভারতে আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় দেশটির আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জুলাই) সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। বাংলাদেশের জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।’
বক্তব্যে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার ৩১ দফার মুলা ঝুলিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না।’
সংবিধান সংস্কারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। তবে বিএনপির কিছু বুদ্ধিজীবী সংবিধান সংশোধনের কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি।
সব সরকারি সংস্থাকে বিএনপি দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এর আগে শনিবার দুপুরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন। আন্দোলনের মুখে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এটিই প্রথম কোনো পদত্যাগ বলে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭