প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা কীভাবে ফল সংগ্রহ ও দেখতে পারবে, সে বিষয়ে পরে পৃথক বিজ্ঞপ্তি দেওয়া হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭