প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
জনগণের প্রত্যাখ্যাতদের প্রশাসনিক পদে পুনর্বাসন গণতান্ত্রিক নয়: পাটওয়ারী

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জনগণের আস্থা হারানো কিংবা নির্বাচনে সমর্থন না পাওয়া ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ বা পুনর্বাসন গণতান্ত্রিক জবাবদিহির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভিত্তি। জন্মনিবন্ধনের মাধ্যমে একজন শিশুর আইনি পরিচয়ের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে এ তথ্য জাতীয় পরিচয়পত্র, ভোটার নিবন্ধন ও বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
এ কারণে এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, অতীতে নাগরিক নিবন্ধন ও পরিচয়পত্র ব্যবস্থায় অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। জাল জন্মনিবন্ধন, ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং বিদেশি নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার ব্যবস্থা নিয়েছে।
এ ধরনের অনিয়ম রাষ্ট্রীয় নিরাপত্তা, নির্বাচনব্যবস্থা ও জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় সরকারব্যবস্থা এমন ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত, যারা সততা, দক্ষতা, নৈতিকতা ও জনগণের আস্থা অর্জন করেছেন। অন্যথায় প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, সেবার মান ক্ষতিগ্রস্ত হয় এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের আস্থা কমে যায়।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিয়োগ ও দায়িত্ব প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। নাগরিক পরিচয় ও স্থানীয় প্রশাসনের মতো সংবেদনশীল খাতে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭