প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

ভারত কিংবা যুক্তরাষ্ট্র—কোনো দেশের আধিপত্যই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অবকাঠামো গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূল্যবোধ ও শিক্ষার মান। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয় পুনর্গঠন এবং উপাচার্য ও শিক্ষক নিয়োগে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতেন। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছিলেন বলেও জানান তিনি।
গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রত্যাশিত অনেক কিছু অর্জিত হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা মনে করি, জুলাই গণ-অভ্যুত্থান এখনো চলমান। এই অভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি।’
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাও গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কারও আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।’
সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭