প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইসিকে চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।
রাজনৈতিকভাবে যেসব ব্যক্তিকে জনপ্রতিনিধির দায়িত্বে বসানো হয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়েও দলটি প্রশ্ন তুলেছে বলে জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।
এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী।
মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, শামসুল আলম অতীতে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। ফলে তার নিয়োগ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭